অপরাধঅর্থ-বাণিজ্যআইন-আদালতআন্তর্জাতিকখেলাধুলাগণমাধ্যমজাতীয়তথ্য প্রযুক্তিধর্মপ্রধান সংবাদপ্রবাস সংবাদবিনোদনরাজধানীরাজনীতিলাইফস্টাইলশিক্ষ ও ক্যাম্পাসসংবাদ শিরোনামসারাদেশস্বাস্থ্য

যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হাসিনা বেগমকে (৩০) শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী ফরহাদ মোল্লাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামিমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি ফরহাদ মোল্লা প্রায়ই তার স্ত্রী হাসিনার কাছে নগদ দুই লাখ টাকা যৌতুক দাবি করতেন এবং তা নিয়ে চাপ সৃষ্টি করতেন। যৌতুকের সেই টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে যেকোনো সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর নিহত হাসিনার বাবা মছলেম খলিফা নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামে মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

ওই দিনই তিনি বাদী হয়ে ফরহাদ মোল্লাসহ পাঁচজনকে আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩ মার্চ নগরকান্দা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল একমাত্র অভিযুক্ত ফরহাদ মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও গৃহবধূর ওপর নির্যাতন ও অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button